logo

রাজধানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন গার্মেন্টস শ্রমিকরা। ছবি: এশিয়া পোস্ট

পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুতির প্রতিবাদে রাজধানীর রামপুরা সড়কে বিক্ষোভ মিছিল করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (৮ জুন) দুপুরের দিকে হাতিরঝিল ও রামপুরা থানাধীন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি শুরু করেন তারা।

জানা গেছে, বিটিভি সেন্টারের সামনে ‘টেক্সাস ড্রেসেস লিমিটেড’ নামক একটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক এই আন্দোলনে অংশ নেন। শ্রমিকদের অবরোধের কারণে মালিবাগ-রামপুরা-বাড্ডা রুটের গুরুত্বপূর্ণ সড়কের এক পাশে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এর ফলে তীব্র গরমের মধ্যে ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যাত্রীরা।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ শ্রম আইন তোয়াক্কা না করে কোনো ধরনের পূর্ব নোটিশ বা বকেয়া পাওনাদি পরিশোধের সুনির্দিষ্ট ঘোষণা ছাড়াই বেআইনিভাবে তাদের চাকরিচ্যুত করেছে। চাকরি হারিয়ে জীবিকা নির্বাহের সংকটে পড়ে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিটিভি ভবনের সামনে বিক্ষোভ মিছিল এবং সংশ্লিষ্ট শ্রমিক ভবন ঘেরাও করে সেখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনরত শ্রমিকদের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের কাছে অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য পাঁচ দফা দাবি পেশ করা হয়েছে। দাবিগুলো হলো:

১. ছাঁটাইকৃত ১৪৭ জন শ্রমিককে অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করতে হবে।

২. আন্দোলন দমাতে পুলিশ প্রশাসন বা বহিরাগতদের দিয়ে শ্রমিকদের ওপর কোনো ধরনের মামলা, হামলা বা হয়রানি করা যাবে না।

৩. কারখানার পূর্ববর্তী স্বাভাবিক নিয়ম ও শৃঙ্খলা বজায় রেখে যেভাবে উৎপাদন কার্যক্রম চলছিল, ঠিক সেভাবেই কারখানা পরিচালনা করতে হবে।

৪. কারখানার অভ্যন্তরে শ্রমিকদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

৫. প্রত্যেক শ্রমিকের চাকরির আইনি ও স্থায়ী নিশ্চয়তা দিতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদ সংবাদমাধ্যমকে জানান, ১৪৭ জন শ্রমিকের চাকরি ফিরিয়ে দেয়ার দাবিতে দুপুরে রামপুরায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। এতে প্রায় ১ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ ছিল।

তবে আমারা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। এখন শ্রমিকদের প্রতিনিধিরা শ্রম অধিদপ্তরে যাচ্ছে, সেখানে আশা করি বিষয়টি সমাধান হবে। বর্তমানে রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।