তুরাগে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, দম্পতি গ্রেপ্তার

রাজধানীর তুরাগ থানা এলাকায় চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধারসহ এ ঘটনায় জড়িত সিনথিয়া শারমিন শ্যামলী ওরফে সুমি (২৯) ও মিরাজুল ইসলাম (৩০) নামের এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত বুধবার (৭ অক্টোবর) রাতে রাজধানীর তুরাগের বাউনিয়া কালিবাড়ি এলাকায় এবং পরবর্তী সময়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বরিশালের বাবুগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিরাজুল ইসলামের শয়নকক্ষ থেকে তার দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে চোরাই স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অলংকারের মধ্যে রয়েছে ২১ ক্যারেট স্বর্ণের তিনটি চুড়ি (ওজন: ৩ ভরি ১২ আনা ৮.০৮ গ্রাম), ২২ ক্যারেট স্বর্ণের দুটি আংটি (ওজন: ১ ভরি ৩.৪০ গ্রাম), ১৮ ক্যারেট স্বর্ণের একটি ঝুমকা (ওজন: ৩ আনা)।
পুলিশ জানায়, উদ্ধার করা এই স্বর্ণালংকারের মোট আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৭৩ হাজার ১১০ টাকা।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সিনথিয়া শারমিনের স্বামী মিরাজুল ইসলামের স্থায়ী ঠিকানা কুষ্টিয়ার মিরপুর থানার কল্যাণপুর এলাকায়। তবে বর্তমানে তারা বরিশাল জেলার বাবুগঞ্জ থানার দক্ষিণ ভূতেরদিয়া এলাকায় বসবাস করছিলেন।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত সিনথিয়া শারমিন আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে ইচ্ছুক। তার জবানবন্দি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় লিপিবদ্ধ করার জন্য আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি অপর আসামি মিরাজুল ইসলামকেও আদালতে সোপর্দ করা হয়েছে।
