logo

শ্যামলীতে ছিনতাইকারীর কবলে সাংবাদিক দম্পতি

শ্যামলীতে ছিনতাইকারীর কবলে সাংবাদিক দম্পতি
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

রাজধানীর শ্যামলীতে ছিনতাইকারীর কবলে পড়েছেন দৈনিক আমাদের সময়ের অপরাধ বিভাগের প্রধান সাংবাদিক শাহজাহান আকন্দ শুভ ও তার স্ত্রী। এ সময় মোটরসাইকেলে আসা ২ ছিনতাইকারী শুভর স্ত্রীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ছিনতাইকারীদের টানাহেঁচড়ায় তার একটি আঙুলে আঘাত লাগে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে শ্যামলী শিশুমেলার বিপরীত পাশে ফুটওভার ব্রিজসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শাহজাহান আকন্দ শুভ জানান, পারিবারিক জরুরি কাজে তার স্ত্রীকে কুষ্টিয়াগামী একটি বাসে তুলে দিতে সকালে তারা আজিমপুর থেকে অটোরিকশাযোগে কল্যাণপুরের দিকে যাচ্ছিলেন। পথে শ্যামলী শিশুমেলার বিপরীত পাশের সড়কে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি তাদের অটোরিকশার কাছে আসে।

একপর্যায়ে মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারীর একজন অটোরিকশায় থাকা তার স্ত্রীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি টান দিয়ে ছিনিয়ে নেয়। আকস্মিক এ ঘটনায় তাঁর স্ত্রী আঙুলে আঘাত পান। পরে ছিনতাইকারীরা মোটরসাইকেলযোগে দ্রুত শ্যামলীর দিকে পালিয়ে যায়।

তিনি জানান, ছিনতাইকারীরা তার স্ত্রীর ভ্যানিটি ব্যাগে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, ব্যাংকের ডেবিট কার্ড, মেট্রোরেলের কার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। ঘটনার আকস্মিকতায় তারা কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার পর বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

ঘটনার পর ওই এলাকায় ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানা গেছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।