মাইলস্টোনে ইংরেজি ভার্সনে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৩১২ জন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ২ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১২ জন। ইংরেজি ভার্সনে পাসের হার শতভাগ।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে প্রকাশিত ফলে এ তথ্য জানা যায়। বিষয়টি কলেজ কর্তৃপক্ষও নিশ্চিত করেছেন।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ২ হাজার ৩২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৯৯ দশমিক ৮৩ শতাংশ। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৮৩ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এ বিভাগে পাসের হার ৯৯ দশমিক ৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১২ জন। অন্যদিকে, মানবিক বিভাগ থেকে ৩১৯ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এ বিভাগে পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৭ জন শিক্ষার্থী।
ফল প্রকাশের পরপরই কলেজ ক্যাম্পাসে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উদযাপনের পাশাপাশি একে অপরকে মিষ্টিমুখ করান তারা।
এসময় অভিভাবকরা জানান, প্রত্যাশিত ফলাফল তাদের সন্তানদের ভবিষ্যৎ স্বপ্ন পূরণে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। ভালো ফলাফল অর্জন করায় শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজের অধ্যক্ষ, শিক্ষক এবং প্রশাসনিক কাজে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের শিক্ষার সার্বিক পরিবেশ নিয়েও সন্তুষ্টি জানান তারা।
প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যের বিষয়ে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, একবার ভালো ফলাফল করা চমক হতে পারে। কিন্তু বছরের পর বছর সেই ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখা এবং সাফল্যের গ্রাফ ঊর্ধ্বমুখী রাখা যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, নিয়মানুবর্তিতা ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে মাইলস্টোন কলেজ সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছে। এবারের এইচএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনের জন্য তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানান।
