logo

তিন টার্মিনালে ডিএমপির অভিযান, ১৬ জনকে সাজা

তিন টার্মিনালে ডিএমপির অভিযান, ১৬ জনকে সাজা

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে পৃথক অভিযান চালিয়ে সংক্ষিপ্ত বিচারে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং অর্থদণ্ড দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ মার্চ) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, সোমবার সদরঘাট লঞ্চ টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক পৃথক অভিযান চালানো হয়। সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ১০০টিরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং দুজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে কমলাপুর রেলস্টেশনে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজনকে তিন মাসের কারাদণ্ড, একজনকে ২০ দিনের কারাদণ্ড, ছয়জনকে ১৫ দিনের কারাদণ্ড এবং ছয়জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অন্যদিকে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ৮টি সিআর মামলা করা হয় এবং ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএমপি জানায়, ঢাকা মহানগরীতে চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং ও রাস্তায় অবৈধ দখলের মতো অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে তাৎক্ষণিক বিচার করা হচ্ছে। ফলে ভুক্তভোগীরা দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে বিচারিক সেবা পাচ্ছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।