হাজারীবাগে নিজ ভবনের লিফটে দুর্ঘটনা, অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

রাজধানীর হাজারীবাগের টালিঅফিস মোড় এলাকায় নিজ বাসার লিফটে ওঠার সময় দুর্ঘটনায় সুভাষ চন্দ্র পাল (৭৩) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের সাবেক শিক্ষক ছিলেন।
রোববার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে কৃষ্ণ গোপাল পাল জানান, প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়েছিলেন তার বাবা। হাঁটা শেষে বাসায় ফিরে লিফটে করে সপ্তম তলায় নিজ ফ্ল্যাটে ওঠার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে লিফটের দরজায় মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের বাসা হাজারীবাগের টালিঅফিস মোড়ের সুলতানগঞ্জ এলাকার ২৫৫/২ নম্বর ভবনের সপ্তম তলায়। সুভাষ চন্দ্র পাল দীর্ঘদিন ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে শিক্ষকতা শেষে অবসরে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।



