হাসপাতালে রোগীদের প্রলোভন ও হয়রানি, অভিযানে আটক ১২

এশিয়া পোস্ট প্রতিবেদক
হাসপাতালে রোগীদের প্রলোভন ও হয়রানি, অভিযানে আটক ১২
ছবি : সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর এলাকার তিনটি সরকারি হাসপাতালে দালালবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করেছে র‌্যাব-২।

Advertisement

তাদের মধ্যে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জুন) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব-২ জানায়, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ দালাল চক্র হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের দ্রুত চিকিৎসা ও উন্নত সেবা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হয়রানি করে আসছিল। তারা অল্প সময়ে চিকিৎসকের সাক্ষাৎ করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন কৌশলে রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করত।

এ ধরনের কর্মকাণ্ড রোধে হাসপাতাল কর্তৃপক্ষ নোটিশ বোর্ডে সতর্কীকরণ বিজ্ঞপ্তি টানানোর পাশাপাশি মাইকিং করে দালালদের বিরুদ্ধে সতর্কবার্তা প্রচার করলেও তাদের তৎপরতা বন্ধ হয়নি। ফলে সাধারণ মানুষের ভোগান্তি অব্যাহত থাকায় র‌্যাব-২ হাসপাতালগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায় সোমবার র‌্যাব-২-এর একটি আভিযানিক দল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে দালাল চক্রের ১২ সদস্যকে আটক করা হয়।

পরে তাদের স্বীকারোক্তি ও সংশ্লিষ্ট অপরাধের ভিত্তিতে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

র‌্যাব জানিয়েছে, রোগীদের জন্য দালালমুক্ত ও নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।