logo

ডেমরা সেতুতে দুদিন মেরামতকাজ, যানজটের শঙ্কা

ডেমরা সেতুতে দুদিন মেরামতকাজ, যানজটের শঙ্কা
ডেমরা সেতু। ছবি: সমকাল

ডেমরা সেতুর এক্সপ্যানশন জয়েন্টের জরুরি মেরামতকাজের কারণে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে বুধবার (২৮ অক্টোবর) মধ্যরাত পর্যন্ত সেতু সংলগ্ন এলাকায় তীব্র যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। এ সময়ে বিকল্প সড়ক ব্যবহার এবং পর্যাপ্ত সময় হাতে নিয়ে যাতায়াতের জন্য যাত্রী ও চালকদের অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজিপির (হাইওয়ে পুলিশ প্রধান) স্টাফ অফিসার তারিক লতিফ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এ অনুরোধ জানান।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিমের বরাত দিয়ে তারিক লতিফ জানান, ঢাকা-সিলেট মহাসড়কের তারাব-ডেমরা সড়কের (আর-২০১) প্রথম কিলোমিটারে অবস্থিত ডেমরা সেতুর এক্সপ্যানশন জয়েন্টের জরুরি মেরামতকাজ পরিচালনা করবে নারায়ণগঞ্জ সড়ক বিভাগ। ২৭ অক্টোবর সকাল ৬টা থেকে ২৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত এ কাজ চলবে।

মেরামতকাজ চলাকালে ডেমরা সেতুর আশপাশে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। এ কারণে সম্ভাব্য ভোগান্তি এড়াতে চালকদের বিকল্প সড়ক ব্যবহারের পাশাপাশি যাত্রার আগে সময় ও রুট পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ।

জনসাধারণের ভোগান্তি কমাতে মেরামতকাজের তথ্য সংশ্লিষ্ট সবার কাছে দ্রুত পৌঁছে দেওয়ার অনুরোধও জানিয়েছে সংস্থাটি।