রাজধানীতে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ২ চালকের

রাজধানীর কদমতলীর পোস্তগোলা গোলচত্বর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি মিশুক ও একটি অটোরিকশার দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পোস্তগোলা গোলচত্বর এলাকার সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত দুজন হলেন, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর এলাকার মিন্নাত আলীর ছেলে জাকির হোসেন (৫৫)। তিনি কদমতলী এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। পটুয়াখালী সদর এলাকার শাহ আলম পোদ্দারের ছেলে মিশুকচালক জাহাঙ্গীর পোদ্দার। তিনি পরিবার নিয়ে কদমতলী এলাকায় বসবাস করতেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
নিহত জাকির হোসেনের ছেলে মাহিন হোসেন জানান, তার বাবা পেশায় অটোরিকশাচালক ছিলেন। রাতে পোস্তগোলা গোলচত্বরের সিএনজি স্টেশনের সামনে দুটি ট্রাক দ্রুতগতিতে পাল্লা দিয়ে যাওয়ার সময় ট্রাক দুটির দুই পাশে থাকা একটি অটোরিকশা ও একটি মিশুকে সজোরে ধাক্কা লাগে। এতে অটোরিকশা ও মিশুকে থাকা দুই চালক পাশের খাদে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, নিহত জাহাঙ্গীর পোদ্দারের স্ত্রী হাওয়া বেগম জানান, তার স্বামী পেশায় মিশুকচালক ছিলেন। রাতে হাসপাতালে এসে তিনি স্বামীকে মৃত অবস্থায় দেখতে পান। পরে জানতে পারেন, ট্রাকের ধাক্কায় তার স্বামীর মৃত্যু হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান, পোস্তগোলা গোলচত্বরের সিএনজি স্টেশনের সামনে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক দুটির পাশে থাকা মিশুক ও অটোরিকশার দুই চালক গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরও একজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।


