পণ্যবাহী গাড়িতে ধাক্কা দিয়ে অভিনব কায়দায় লুট, গ্রেপ্তার ৫

রাজধানীর বিমানবন্দর সড়কে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে ফাঁদ পেতে ৩০ লাখ টাকা মূল্যের ফ্রেবিক্স লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. মুন্না হাসান (৩২), আবু হাসান (৩৪), মো. গোলাম মোস্তফা (২৯), রাজিব আলী দেওয়ান (৩৪) ও ইব্রাহিম হক (৩০)। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণখানের দেওয়ান বাড়ির রাজিব আলী দেওয়ানের বাড়ি থেকে লুট করা মালামাল উদ্ধার করা হয়। এ ছাড়া ওই কাভার্ড ভ্যান উদ্ধারসহ এ কাজে ব্যবহৃত আরেকটি ভ্যান জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, চক্রটি প্রথমে টার্গেট করা গাড়ির পেছন দিক থেকে ধাক্কা দিয়ে ফাঁদ পাতে। পরে চালক গাড়ি থেকে নেমে গেলে মালামালসহ বাহনটি নিয়ে পালিয়ে যায়।
ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার ও বিমানবন্দর জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. পারভেজ রানা রোববার (৩ মে) দুপুরে এশিয়া পোস্টকে এসব তথ্য জানিয়েছেন।
তারা জানান, গত শুক্রবার (১ মে) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা ১ নম্বর সেক্টরের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে থেকে মালামালহ ওই কাভার্ড ভ্যান চুরির ঘটনা ঘটে। পরে দক্ষিণখানের বিভিন্ন এলাকায় শনিবার (২ মে) দিবাগত রাত রোববার (৩ মে) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, চায়না থেকে চট্টগ্রাম পোর্টে আসা ৩০ লাখ টাকা মূল্যের ৯০ রোল বিদেশি ফেব্রিক্স নিয়ে গত ৩০ এপ্রিল একটি কাভার্ড ভ্যানে বোঝাই করে চালক মাহমুদুল হাসান কোম্পানিতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হোন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর এলাকায় পৌঁছামাত্র ১ মে ভোরে একটি অজ্ঞাতনামা গাড়ি ওই কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত করে। পরে চালক কাভার্ড ভ্যান থেকে নেমে ওই গাড়িটিকে ধাওয়া করে ধরতে যান। পরে ফিরে এসে দেখেন তার গাড়িটি মালামালসহ ছিনতাইকারীরা নিয়ে পালিয়ে গেছে।
তিনি আরও বলেন, 'এ ঘটনায় ওই দিনই ভুক্তভোগী বিমানবন্দর থানায় একটি মামলা করেন। পরে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ছিনতাই চক্রের সদস্যদের শনাক্ত করা হয়।'
বিমানবন্দর জোনের এসি পারভেজ রানা জানান, ছিনতাইকারীদের শনাক্তের পর শনিবার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত দক্ষিণখানের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামালসহ গাড়িটি উদ্ধার করা হয়। সেই সঙ্গে লুটের কাজে ব্যবহৃত আরেকটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া চক্রের সদস্যদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হবে। সেই সঙ্গে চক্রটির পলাতক সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।