logo
Advertisement

উত্তরা থেকে প্রাইভেটকার চুরি, দৃশ্য ধরা পড়ল সিসি ক্যামেরায়

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
উত্তরা থেকে প্রাইভেটকার চুরি, দৃশ্য ধরা পড়ল সিসি ক্যামেরায়
চুরি হওয়া প্রাইভেটকার। ছবি : সিসি ক্যামেরা থেকে

রাজধানীর উত্তরা থেকে একটি প্রাইভেটকার চুরির ঘটনা ঘটেছে। চুরির পুরো দৃশ্যটি স্থানীয় একটি সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরায় ধরা পড়েছে।

Advertisement

বুধবার (১৭ জুন) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ১২ নম্বর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

চুরি হওয়া ঢাকা মেট্রো গ-২১-০৪৯০ নম্বরের গাড়িটি রাইড শেয়ারিং অ্যাপ ‘উবার’-এ চলত বলে জানা গেছে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, পার্কিং করে রাখা প্রাইভেটকারটির দরজার লক অত্যন্ত সুকৌশলে খুলে ভেতরে প্রবেশ করে চোর চক্রের এক সদস্য। এ সময় সামনে আরেকজন দাঁড়িয়ে চারপাশ পাহারা দিচ্ছিল। গাড়িটির স্টার্ট নিশ্চিত হওয়ার পর পাহারাদারসহ চোর চক্রের সদস্যরা প্রাইভেটকারটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে প্রাইভেটকারটির চালক জাহিদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, আমি উবারে গাড়ি চালাই। গুলশান থেকে যাত্রী নিয়ে উত্তরা ৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে আসি। এরপর কেন্দ্রীয় মসজিদের পাশে গাড়িটি লক ও পার্কিং করে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে টয়লেটে যাই। পরে ফিরে এসেই দেখি আমার গাড়িটি সেখানে নেই।

চালক জাহিদুল আরও অভিযোগ করে বলেন, গাড়ি চুরির পরপরই আমি থানায় যাই। কিন্তু পুলিশ মামলা বা জিডি (সাধারণ ডায়েরি) কিছুই নিতে চাচ্ছে না।

মামলা না নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম এশিয়া পোস্টকে বলেন, "গাড়ি চুরির খবর পাওয়া মাত্রই আমরা চারদিকে বেতার বার্তা (ওয়্যারলেস মেসেজ) দিয়েছি। সেই সাথে গাড়িটি উদ্ধারে খোঁজাখুঁজি চলছে। ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের জন্য ইতিমধ্যে পুলিশ পাঠানো হয়েছে।

থানায় অভিযোগ না নেওয়ার প্রসঙ্গে ওসির দাবি, আমরা কেন জিডি বা মামলা নেব না? বাদী থানায় জিডি বা লিখিত অভিযোগ যাই দেবেন, আমরা সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।