Advertisement

তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

এশিয়া পোস্ট প্রতিবেদক
তেজগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ (প্রায় ৬০) নিহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ইসরাফিল পলাশ জানান, তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হয়ে রেললাইনের পাশে পড়ে ছিলেন। পরে তারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি রেললাইন-সংলগ্ন এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিটকে অবহিত করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরনে চেক লুঙ্গি ও ময়লাযুক্ত একটি পাঞ্জাবি ছিল। তার পরিচয় সম্পর্কে তথ্য থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।