রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের একটি ১০তলা ভবনের ৯তলার বাসা থেকে রত্না আক্তার (১৭) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রত্নাকে হাসপাতালে নিয়ে আসা আলমগীর হোসেন জানান, রত্না গত আড়াই মাস ধরে ওই বাসায় কাজ করছিলেন। বেলা ১১টার দিকে নিজের রুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের সহযোগিতায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়।
তিনি আরও জানান, রত্নার গ্রামের বাড়ি সিলেটে; তার বাবার নাম মোহাম্মদ দুলাল মিয়া। তিনি এলিফ্যান্ট রোডের শাহজাহান নামের এক ব্যক্তির ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ করতেন। কী কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, সে বিষয়ে পরিবারের সদস্য বা পরিচিতদের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


