logo

গুলশানে ভারতীয় নারীর মরদেহ উদ্ধার, মুখে কালচে দাগ

গুলশানে ভারতীয় নারীর মরদেহ উদ্ধার, মুখে কালচে দাগ

রাজধানীর গুলশান এলাকায় বসবাসকারী শামীম সালিম কাসিম নামে ভারতীয় এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টা ৪২ মিনিটে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, মেডিকেল সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে আনঅ্যাটেনডেড ডেথ (ফাউন্ড ডেড) উল্লেখ করা হয়েছে, অর্থাৎ তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

হাসপাতালে রাখা মরদেহের মুখমণ্ডলে আঘাতের চিহ্ন দেখা গেছে। বিশেষ করে মুখে কালচে-বেগুনি দাগ, ফোলা ভাব এবং চোখের চারপাশে রক্তজমাটের মতো চিহ্ন লক্ষ্য করা গেছে, যা রহস্য আরও ঘনীভূত করেছে।

এ বিষয়ে ডিএমপির গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. মোকলেসুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে তারা এ বিষয়ে খবর পান। তবে এখনো মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্ত ও তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

পুলিশ জানিয়েছে, নিহত নারী গুলশান এলাকায় বসবাস করতেন। তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।