Advertisement

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

এশিয়া পোস্ট নিউজ
সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২
ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১০ আরোহীর মধ্যে আটজনকে উদ্ধার করা হলেও দুজন এখনো নিখোঁজ রয়েছেন।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, গাজীপুরের কড্ডাবাজার থেকে নির্মিত নতুন ট্রলারটি কুমিল্লার মুরাদনগরে নেওয়া হচ্ছিল। শ্যামবাজার ঘাট এলাকায় পৌঁছানোর পর ট্রলারটির প্রপেলার কোনো কিছুর সঙ্গে আটকে যায়। এতে ইঞ্জিন বন্ধ হয়ে ট্রলারটি নদীর মাঝেই স্থির হয়ে পড়ে।

এ সময় বরিশাল থেকে সদরঘাটের উদ্দেশে আসা সুন্দরবন-১২ লঞ্চটি ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি মুহূর্তেই ডুবে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ট্রলারে থাকা ১০ জনের মধ্যে আটজন সাঁতরে এবং স্থানীয়দের সহায়তায় নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারে ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ দুপুর ১২টা পর্যন্ত নিখোঁজ দুজনের কোনো সন্ধান পাওয়া যায়নি। একই সঙ্গে নদীতে ডুবে যাওয়া ট্রলারটিও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

নৌপুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজদের সন্ধান এবং ট্রলারটি উদ্ধারে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।