শনির আখড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মিস্ত্রির

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে সড়ক পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. সোলেমান (৪৩) নামে এক আলমারি মিস্ত্রির মৃত্যু হয়েছে।
রোববার (২ আগস্ট) রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোলেমান মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও পূর্বপাড়া এলাকার আব্দুল মজিদ দেওয়ানের ছেলে।
নিহতের শ্যালক মো. লিটন জানান, সোলেমান পেশায় আলমারির মিস্ত্রি ছিলেন। প্রতিদিনের মতো কাজ শেষে রাতে বাসায় ফিরছিলেন। শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচ দিয়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, কাভার্ডভ্যানটি জব্দ করে যাত্রাবাড়ী থানার হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
