বসুন্ধরায় শপিং করতে গিয়ে আটতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলের অষ্টম তলা থেকে পড়ে অজ্ঞাত (২৭) এক তরুণের মৃত্যু হয়েছে। তার পরিচয় জানা যায়নি।
বুধবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বসুন্ধরা শপিংমলে নিরাপত্তাকর্মী মো. রফিক জানান, ঈদে কেনাকাটায় সবাই ব্যস্ত ছিল। এ সময় হঠাৎ শপিংমলের আটতলা থেকে ওই যুবক নিচে পড়ে গুরুতর আহত হন। পরে বিষয়টি আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তাকে জানালে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ওই যুবকটি নিজেই লাফ দিয়েছিল নাকি কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সে বিষয়ে কিছু বলতে পারব না।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় জানতে কাজ করছে পুলিশ।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের জন্য ইতোমধ্যে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
