logo
Advertisement

বাড্ডায় মাদ্রাসাছাত্র অপহরণে সাবেক শিক্ষক গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
বাড্ডায় মাদ্রাসাছাত্র অপহরণে সাবেক শিক্ষক গ্রেপ্তার
গ্রেপ্তার আবু রায়হান। ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা এলাকায় এক মাদ্রাসাছাত্রকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় আবু রায়হান (২৩) নামে সাবেক এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত শিশুকে উদ্ধার এবং আদায়কৃত ১ লাখ ৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৯ মে) জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জাঙ্গালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবু রায়হান উত্তর বাড্ডার আব্দুল্লাহবাগ মাদ্রাসাতুল ইসলাহ আল আরাবিয়ার সাবেক শিক্ষক।

পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১১ মে বিকেল ৫টার দিকে ১০ বছর বয়সী ছাত্র নাসিরুজ্জামান নিরব মাদ্রাসায় যাওয়ার পথে অপহরণের শিকার হয়। পরে অপহরণকারী শিশুটির পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ১ লাখ ৫ হাজার টাকা আদায় করে। ঘটনার পর বাড্ডা থানার আভিযানিক দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়।

এরপর মঙ্গলবার জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জাঙ্গালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আবু রায়হানকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত শিশু নাসিরুজ্জামান নিরবকে উদ্ধার করা হয় এবং মুক্তিপণের পুরো টাকাও জব্দ করা হয়। শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শিশু অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের মতো ঘটনায় ডিএমপির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।