আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
রোববার (৩১ মে) বিকেলে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় এ জরিমানা করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। অভিযানে তার সঙ্গে ছিল সিটি করপোরেশনের সহকারী পরিচালক, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পুলিশ ফোর্স।
জানা গেছে, রোববার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে অভিযান চালানো হয়। হাসপাতালের খাদ্য ব্যবস্থাপনায় নানা অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশ এবং লেবেলবিহীন খাদ্যপণ্য পাওয়া যায়। এ কারণে হাসপাতালটিকে নিরাপদ খাদ্য আইনে ২ লাখ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, দীর্ঘ সময় ধরে হাসপাতালের বিভিন্ন স্থান পরিদর্শন করে বেশকিছু অনিয়ম শনাক্ত করা হয়। এসব বিষয় আমলে নিয়ে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে বলে জানান আমিনুল ইসলাম।



