নিজ অঞ্চলের সমমনাদের নিয়ে ঢাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাত পিচ্চি আল-আমিন

রাজধানীর রামপুরা এলাকার চিহ্নিত চাঁদাবাজি ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. আল-আমিন ওরফে পিচ্চি আল-আমিনের ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
এসআরবি জানিয়েছে, পিচ্চি আল-আমিনের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি ওই অঞ্চলের সমমনাদের ঢাকায় এনে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত।
রোববার (৪ অক্টোবর) বিকালে কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন।
তিনি বলেন, আল আমিনের বাড়ি ঝালকাঠিতে। আমরা তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছি। তাদের চার জনের বাড়ি একই জেলায় এবং একজনের বাড়ি বরগুনাতে। আমরা এনালাইসিস করে দেখলাম, আল-আমিন তার সমমনা বা উনি যাদেরকে সঠিক মনে করেছেন ওনার সমগোত্রীয় তাদেরকে ঢাকায় এনে কার্যক্রম পরিচালনা করতেন।
আল-আমিনের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে লে. কর্নেল ফায়েজুল আরেফীন বলেন, আমরা ২০১১ সাল থেকে প্রতিটি সরকারের আমলে তার নামে মামলা পেয়েছি। তার মানে তিনি স্বভাবগত অপরাধী। যেই দলই ক্ষমতায় আসুক তারা সেই সুযোগটা হয়তো তার মাধ্যমে নিতেও পারে। বাট উনি নিজেই নিজের গুণে গুণান্বিত।
তবে আল-আমিনকে গ্রেপ্তারে রামপুরা এলাকার মানুষ খুশি হয়েছে বলেও জানান এসআরবি-৩ এর অধিনায়ক।
অপরদিকে এসআরবি'র আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, গত ১ অক্টোবর দুপুর দেড়টায় রামপুরা থানাধীন টিভি রোড এলাকায় অভিযান পরিচালনা করে পিচ্চি আল-আমিন ও তার ২ সহযোগী কামাল উদ্দিন এবং খাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি রিভলবার এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত পিচ্চি আল-আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৬ টার সময় রাজধানীর রামপুরা থানাধীন কুঞ্জবন এলাকায় অভিযান পরিচালনা করে তার অন্য ২ জন সহযোগী মো. সোহাগ হাওলাদার ওরফে মামুন এবং মো. রিফাত ইসলামকে ২টি দেশীয় অস্ত্রসহ (লোহার তৈরি ছুরি) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল আমিনকে জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে ইন্তেখাব চৌধুরী জানান, তার অন্যতম ঘনিষ্ঠ সহযোগী মো. কাওছার খানের কাছে আরও অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। ওই তথ্যের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য প্রযুক্তির সহায়তায় কাওছারের অবস্থান শনাক্ত করে ৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় রামপুরা থানাধীন কুঞ্জবন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে খিলগাঁও থানাধীন ভূঁইয়াপাড়া জনৈক শফিকের টিনশেড ঘরের ভেতর থেকে একই দিন রাত সাড়ে ৮টায় ১ টি বিদেশি রিভলভার, ১টি বিদেশি পিস্তল এবং ১টি ম্যাগাজিনসহ ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এসআরবি আরও জানায়, গ্রেপ্তারকৃত পিচ্চি আল আমিন সন্ত্রাসী ইয়াছিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার নামে রাজধানীর খিলগাঁও, রামপুরা, হাতিরঝিল ও গুলশান থানায় বিস্ফোরকদ্রব্য আইন, হত্যা ও অস্ত্র মামলাসহ সর্বমোট ২৭টি মামলা রয়েছে। তবে গ্রেপ্তারকৃত অন্য আসামিদের নামে থানায় কোনো মামলা পাওয়া যায়নি।
