জিগাতলায় ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১, মোবাইল-ছুরি উদ্ধার

রাজধানীর জিগাতলা এলাকায় সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানার পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। তবে ঘটনায় জড়িত অপর আসামি পালিয়ে গেছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ভুক্তভোগী সৈয়দ রাফসান (১৮) তার চাচা সৈয়দ আহমেদ জিদানের সঙ্গে নিউমার্কেট থেকে জিগাতলা কাঁচাবাজারের দিকে যাচ্ছিলেন। পথে দুই ছিনতাইকারী তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় একজন ছিনতাইকারীকে আটক করা হলে খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. আসিফ (২৫)। অপর অভিযুক্ত মো. রাব্বি পালিয়ে যান।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অপর মোবাইল ফোনটি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।





