উত্তরায় লন্ড্রির দোকানে মিলল ১০০ বোতল ফেনসিডিল

রাজধানীর উত্তরায় লন্ড্রি দোকানের ভেতর থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ ইয়াছিন হোসেন (৩২) নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) রাতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ১৪নং সেক্টরের ১৬নং রোডের বুশরা ট্রেডার্স অ্যান্ড লন্ড্রি দোকানের ভেতর থেকে শুক্রবার (২২ মে) দিবাগত রাতে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। মাদক কারবারি ইয়াছিন ওই লন্ড্রিতে ফেনসিডিল বিক্রির জন্য অবস্থান করছিল।
এ ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানিয়েছেন ডিসি নাসিরুদ্দিন।
অপরদিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছেন, ফেনসিডিলসহ গ্রেপ্তারের পর ওই মাদক কারবারিকে আজ (শনিবার) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।