শাহজালাল বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বুধবার (২২ অক্টোবর) রাত ১২টা ৫০ মিনিটের দিকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ডের সময় বোর্ডিং ব্রিজ এলাকায় মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষা করছিলেন মাহতাব ফারাহী নামে এক যাত্রী। তিনি এশিয়া পোস্টকে বলেন, ‘বিমানে ওঠার জন্য অপেক্ষা করছিলাম। ওই সময় হঠাৎ করে বোর্ডিং ব্রিজে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই পুরো এলাকা ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। অনেকে শ্বাসকষ্টে ভুগতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে যার কাছে যা ছিল, তা দিয়েই মুখ ঢেকে নেন। এতে যাত্রীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়।’
এশিয়া পোস্টের হাতে আসা এক ভিডিও ফুটেজে দেখা যায়, অগ্নিকাণ্ডের পর টার্মিনালে অবস্থানরত যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি করছেন। ধোঁয়া থেকে বাঁচতে অনেকে চোখ-মুখ রুমাল ও টিস্যু দিয়ে ঢেকে রেখেছেন।
ঘটনার বিস্তারিত জানতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার (ডিউটি অফিসার) সহকারী নম্বরে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়। ফোন ধরেন এক নারী পুলিশ কর্মকর্তা। সাংবাদিক পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। এরপর একাধিকবার চেষ্টা করা হলেও পুলিশের পক্ষ থেকে আর ফোন ধরা হয়নি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব হাসান এশিয়া পোস্টকে বলেন, একটি বিজ্ঞাপনী মনিটরে বৈদ্যুতিক স্পার্ক থেকে সামান্য আগুনের সূত্রপাত হয়। আমাদের দায়িত্বরত কর্মীরা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন।
তিনি আরও বলেন, ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে বিমানবন্দরের যাবতীয় কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

