Advertisement

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

এশিয়া পোস্ট প্রতিবেদক
ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ আলাউদ্দিন (৩০) নামে এক কয়েদি অসুস্থ হয়ে মারা গেছেন।

Advertisement

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় কারাগারের ভেতরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো. আনোয়ার হোসেন জানান, আলাউদ্দিন কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত আলাউদ্দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন কয়েদি ছিলেন। তার কয়েদি নম্বর ৩১/এ। তার বাবার নাম মোহাম্মদ মজিদ মোল্লা। তবে তিনি কোন মামলায় কারাগারে বন্দি ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।