logo
Advertisement

এবার রাজধানীর গুরুত্বপূর্ণ ৩ স্থানে ককটেল বিস্ফোরণ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
এবার রাজধানীর গুরুত্বপূর্ণ ৩ স্থানে ককটেল বিস্ফোরণ
বাঁ থেকে হাইকোর্ট, গণপূর্ত অধিদপ্তরের ভবন ও শিল্পকলা একাডেমি। কোলাজ ছবি: এশিয়া পোস্ট

রাজধানী ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন স্থানে আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে প্রায় একই সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সুপ্রিম কোর্টের (হাইকোর্ট) মূল ফটক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে এবং গণপূর্ত অধিদপ্তরের প্রবেশপথের কাছে এসব পৃথক বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক একটার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা সুপ্রিম কোর্টের (হাইকোর্ট) প্রধান ফটকের সামনে হঠাৎ ককটেল নিক্ষেপ করে দ্রুত সটকে পড়ে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের পথচারী, আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন এবং ককটেলের আলামত সংগ্রহ করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এশিয়া পোস্ট-কে বলেন, ‘সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাইকোর্ট ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগ জানিয়েছে, দুপুরে সেগুনবাগিচায় অবস্থিত গণপূর্ত অধিদপ্তরের সামনেও একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত সেখানে পৌঁছে অবস্থান নেন।

এ ছাড়া প্রায় কাছাকাছি সময়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ঘটনাগুলোর পর নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে।