উত্তরায় বিপুল পরিমাণ চোরাই মোবাইল উদ্ধার, ২ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৩

রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ আইফোন, স্যামসাং মোবাইল ও মোবাইলের মাদারবোর্ডসহ দুই চীনা নাগরিক ও একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উত্তরা ৩ নম্বর সেক্টরের ৪নং সড়কের ৪৭ নম্বর বাসার ৬ষ্ঠ তলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ওয়াং গুফেং, জাং হাইবিন ও বাংলাদেশি নাগরিক মো. দেলোয়ার। এ সময় তাদের কাছ থেকে ছয়টি আইফোন, ৫৭টি বিভিন্ন ব্রান্ডের স্যামসাং মোবাইল, মোবাইল ফোনের মাদারবোর্ড ও নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর এশিয়া পোস্টকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আইফোন ও স্যামসাং মোবাইলসহ দুই চীনা ও এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, তাদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও মোবাইলের মাদারবোর্ড জব্দ করা হয়েছে। জব্দকৃত মোবাইলের মধ্যে ছয়টি আইফোন, ৫৭টি বিভিন্ন মডেলের স্যামসাং মোবাইল রয়েছে।
এক প্রশ্নের জবাবে ওসি খালিদ মুনসুর এশিয়া পোস্টকে বলেন, ধারণা করা হচ্ছে মোবাইল ফোনগুলো চোরাইভাবে আমদানি করে বিক্রি করা হচ্ছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন।