মিরপুর-১০/শর্ট সার্কিটে লাগা আগুনে ৫ দোকান পুড়ে ছাই

রাজধানীর মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৭০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানদাররা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সংঘর্ষের পর সরেজমিনে মিরপুর-১০ এর হোপ প্লাজার সামনের এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা যায়।
দেখা যায়, হোপ প্লাজা-২ এর সামনে অবস্থিত বায়তুল কুদ্দুস জামে মসজিদ মার্কেটের বর্ধিতাংশে ৫ তলা ভবনের কাজ চলছে। এর নিচতলায় মসজিদ মার্কেটের অধীনে ৫ টি দোকান ছিল। ৫ টি দোকানে জুতা, নারীদের কাপড় ও অন্যন্য পোশাক বিক্রি হতো।
প্রতক্ষ্যদর্শীরা জানান, দোকানের সামনের ফুটপাতেও হকাররা রাস্তা দখল করে দোকান করছিল। সেই অবৈধ দোকানগুলো উচ্ছেদ করতে গিয়ে শর্ট সার্কিট থেকে ভেতরের দোকানে আগুন লেগে যায়। আগুন লাগার সাথে সাথেই সংঘর্ষ শুরু হয়ে গেলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে দেরী হয়ে যায়। ফলে ৫টি দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
দোকানদার মো. ওয়াসিম বলেন, আমার এখানে একটা জুতার দোকান ছিল। আমি সকালে ছিলাম না। পরে ঘটনা শুনে এখানে এসেছি। এসে দেখি আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমার ১২ লাখ টাকার মালামাল ছিল কিন্তু একটা মালও অবশিষ্ট নেই।
দোকানের কর্মচারী সাঈদ বলেন, আমাদের দোকান বৈধ। তবুও আমরাই ক্ষতিগ্রস্ত হলাম। আমাদের দোকানটিতে ওয়ান-পিস বিক্রি হতো। কমপক্ষে ৩০ লাখ টাকার মালামাল ছিল। সব পুড়ে গেছে। ৫ দোকান মিলে ৭০ লাখ টাকার বেশি মালামাল পুড়ে গেছে।
এর আগে উচ্ছেদের ঘটনায় সিটি কর্পোরেশনের গাড়ি ভাঙচুর ও পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে হকাররা। সংঘর্ষের ঘটনায় মিরপুর-১০ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।