‘ডেঙ্গু নিয়ন্ত্রণে লার্ভা ধ্বংস অভিযান জোরদার, চলবে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত’

এশিয়া পোস্ট প্রতিবেদক
‘ডেঙ্গু নিয়ন্ত্রণে লার্ভা ধ্বংস অভিযান জোরদার, চলবে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত’
ছবি: সংগৃহীত

ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে এডিস মশার লার্ভা ধ্বংসে অভিযান জোরদারের পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

Advertisement

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর জিগাতলায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে জাতীয় নিয়মিত অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, এডিস মশার লার্ভা ধ্বংসে ওষুধ ছিটানোর কার্যক্রম আরও বিস্তৃত করা হয়েছে। একই সঙ্গে নির্মাণাধীন ও আবাসিক ভবনে মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবারও বিভিন্ন নির্মাণাধীন ও আবাসিক ভবনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, নগরবাসীর সচেতনতা ছাড়া ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সবাইকে নিজ নিজ বাসা, আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

মীর শাহে আলম আরও জানান, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে গঠিত জাতীয় টাস্কফোর্স দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করবে।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।