গেন্ডারিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
গেন্ডারিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
গ্রেপ্তার আসামি মো. তৈয়ব তাহের উদ্দিন। ছবি: ডিএমপি

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম মো. তৈয়ব তাহের উদ্দিন (৩২)।

Advertisement

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ সোমবার (২৯ জুন) ভোরে ডিবির ওয়ারী বিভাগের একটি দল গেন্ডারিয়া থানার মুরগিটোলা রোডে ব্র্যাক ব্যাংকের সামনে বিশেষ অভিযান চালায়। এ সময় তৈয়ব তাহের উদ্দিনকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তার হেফাজত থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের দাবি, উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে তিনি নিজের কাছে রেখেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত।

এ ঘটনায় তার বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।