কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ডুবেছে রাজধানী, জলবদ্ধতায় ভোগান্তি

এশিয়া পোস্ট প্রতিবেদক
কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ডুবেছে রাজধানী, জলবদ্ধতায় ভোগান্তি
ছবি : এশিয়া পোস্ট

কয়েক দিনের টানা ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর রাজধানীতে নামল স্বস্তির বৃষ্টি। মাত্র দুই থেকে তিন ঘণ্টার মাঝারি বৃষ্টিতেই তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ সড়ক।

Advertisement

রোববার (২১ জুন) বিকেল থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখী সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। শহরের ড্রেনেজ-ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

আজ বিকেলে মতিঝিল, পল্টন, মালিবাগ-মৌচাক, বংশাল, যাত্রাবাড়ী, দয়াগঞ্জ, জিগাতলা, নিউমার্কেট, মিরপুরের কালশী, মিরপুর ১০ নম্বর, কারওয়ান বাজার, গ্রিন রোড, ধানমন্ডি-২৭ সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। কোথাও কোথাও পানি জমে তা প্রায় কোমর পর্যন্ত পৌঁছেছে।

মোহাম্মদপুরের বাসিন্দা রাজিব আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ধানমন্ডি ২৭ নম্বরে প্রায় কোমর পানি জমে গেছে। জায়গায় জায়গায় গাড়ি নষ্ট হওয়ায় পথ চলা আরও মুশকিল হয়ে পড়েছে। এমনকি মানিক মিয়া অ্যাভিনিউও এখন পানির নিচে।’

জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অফিস-ফেরত চাকরিজীবী, শিক্ষার্থী ও ক্ষুদ্র যানবাহনের চালকরা।

বাড্ডা এলাকার বাসিন্দা রেদোয়ান জানান, মতিঝিলের অফিস থেকে বের হয়ে পল্টন এলাকায় আসতেই তার রিকশা অর্ধেক পানিতে তলিয়ে যায়। তিনি বলেন, ‘নটর ডেম কলেজ থেকে শুরু করে মালিবাগ-মৌচাক পর্যন্ত সড়কের কোথাও কোমরপানি, আবার কোথাও হাঁটুপানি জমে আছে।’

ছবি : এশিয়া পোস্ট
ছবি : এশিয়া পোস্ট

ভোগান্তির এই চিত্র কেবল রাজধানীর প্রধান সড়কেই নয়, শাখা ও অলিগলির সড়কগুলোতেও একই অবস্থা।

ধানমন্ডির বাসিন্দা কাওসার হোসেন বলেন, ‘জিগাতলা থেকে হাজারীবাগ যাওয়ার রাস্তায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে আশপাশের অনেক ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।’

একই অবস্থা দেখা গেছে ঢাকার অন্যতম ব্যস্ত বিপণিবিতান নিউমার্কেট এলাকায়। বৃষ্টির পরপরই নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে পানি জমে যায়।

গ্রিন রোডের বাসিন্দা নুরুন নাহার বলেন, ‘কিছু কেনাকাটার জন্য বাইরে বেরিয়েছিলাম। কিন্তু ফেরার পথে রাস্তার কয়েকটা স্থান একেবারে ডুবে ছিল। রিকশায় চলতেও ভয় করছিল।’

বর্ষা মৌসুমের শুরুতেই সামান্য বৃষ্টিতে রাজধানীর এমন চেনা রূপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী। ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধান না হওয়ায় প্রতিবছরই তাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান তারা।