logo

তুরাগে সন্ত্রাসবিরোধী মামলায় এক আসামি গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
তুরাগে সন্ত্রাসবিরোধী মামলায় এক আসামি গ্রেপ্তার
তুরাগে সন্ত্রাসবিরোধী মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : ডিএমপি

রাজধানীর তুরাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. রিত্তিক হাসান (২১) নামে এক সন্দিগ্ধ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ধউর বেড়িবাঁধসংলগ্ন এলাকায় উত্তরা ইউনিভার্সিটির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এডিসি নিয়াজ মেহেদী জানান, তুরাগ থানায় দায়ের করা ওই মামলায় এজাহারনামীয় আসামিদের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সমর্থক অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে তুরাগ থানার ১৫ নম্বর সেক্টরের ৩ নম্বর ব্রিজে সমবেত হয়ে সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিল এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ রয়েছে।

নিয়াজ মেহেদী বলেন, মামলাটি তদন্তের সময় এজাহারভুক্ত আসামিদের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চালায় পুলিশ। তদন্তে প্রাপ্ত তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও অনুসন্ধানের ভিত্তিতে রিত্তিক হাসানের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তুরাগ থানা এলাকায় তার অবস্থান শনাক্ত করা হয়। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া রিত্তিক হাসান নিষিদ্ধ ছাত্রলীগের শ্রীপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।