ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মোহাম্মদ রাজন (৩৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজন। পরে তাকে উদ্ধার করে কারা হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মোহাম্মদ রাজীব জানান, কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় রাজন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, রাজনের কয়েদি নম্বর ৯২৩০/এ। তার বাবার নাম মৃত নুরুল ইসলাম। তবে তিনি কোন মামলায় কারাগারে বন্দি ছিলেন, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি কারারক্ষী।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



