ডেমরায় লেগুনা-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রাজধানীর ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার-সংলগ্ন ডেমরা ব্রিজে লেগুনা ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর আলম (৫৫)। আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। দুজনেই লেগুনার যাত্রী ছিলেন।
সোমবার (২৭ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন।
অপর আহত ব্যক্তিকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তাদের হাসপাতালে নিয়ে আসা লেগুনা যাত্রী দিপু জানান, ডেমরা সেতুর ওপর লেগুনা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয় এবং অন্যজন চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, নিহত জাহাঙ্গীর আলমের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মৈকুলি এলাকায়। তার বাবার নাম নিজাম উদ্দিন। আহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।