logo

৯ ঘণ্টার ব্যবধানে ডেমরায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

৯ ঘণ্টার ব্যবধানে ডেমরায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

রাজধানীর ডেমরায় ৯ ঘণ্টার ব্যবধানে আবারও সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সাদ্দাম হোসেন (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে) সকাল সোয়া ১০টার দিকে সুলতানা কামাল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা ওবায়দুল হক জানান, ডেমরার সুলতানা কামাল ব্রিজের পশ্চিম ঢালে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় সাদ্দাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত সাদ্দামের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মাসার এলাকায়। তিনি আব্দুল লতিবের ছেলে। সাদ্দাম এসএসবি গ্লোবাল কোম্পানিতে চাকরি করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এর আগে রাত ১টার দিকে ডেমরার কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. নাজমুল (২০) নামে এক যুবক নিহত হন।