মিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি, অস্ত্রসহ অভিযুক্ত গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১০ এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে আহত করার ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে মিরপুর-১০ ফলপট্টি-সংলগ্ন চৌরঙ্গী মার্কেটের দক্ষিণ পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মো. সাইফুল ইসলাম সিজু (৪০) মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি মিরপুর-১০ এলাকার বাসিন্দা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে শান্ত ভূঁইয়া (২৪) নামে এক ব্যক্তি সাইফুল ইসলাম সিজুকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শান্ত ভূঁইয়াকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, ঘটনাস্থল ও আশপাশের এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।




