তুরাগে ডুবে নিখোঁজ দুই স্কুলছাত্র, ৪ ঘণ্টা পর উদ্ধার মরদেহ

রাজধানীর উত্তরায় তুরাগ নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই স্কুলছাত্রের মরদেহ চার ঘণ্টা পর উদ্ধার করেছে নৌ-পুলিশের ডুবুরি দল।
বুধবার (১৩ মে) রাত সাড়ে ৮টার দিকে উত্তরার কামাপাড়া সংলগ্ন তুরাগ নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, এদিন বিকেল সাড়ে ৪টার দিকে বন্ধুরা মিলে তুরাগ নদীতে গোসলে নামেন তারা।
মারা যাওয়া ইমরান হোসেন (১৪) তুরাগের ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসার সংলগ্ন এলাকার ইদ্রিস আলীর ছেলে ও একই এলাকার রানা ইসলামের ছেলে রোমাম ইসলাম (১৪)।
এ বিষয়ে ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্কর্ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান এশিয়া পোস্টকে বলেন, অষ্টম শ্রেণির তিন ছাত্র তুরাগ নদীতে গোসলে নেমেছিল। পরে ওদের একজন উঠতে পারলেও দুইজন নদীতে নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে নৌ-পুলিশের ডুবুরি দল রাত সাড়ে ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে।
টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) পিরোজ উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, নদীতে গোসল করতে নেমে নিখোঁজ অষ্টম শ্রেণির দুই ছাত্রের মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতদের একজন কামাড়পাড়া এলাকায় এবং অন্যজন নদীর ঝুপড়ি ঘরে পরিবারের সঙ্গে থাকতেন।