logo

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর উত্তরায় মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর উত্তরায় মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের
রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর উত্তরায় বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। পরে পুলিশের হস্তক্ষেপে তারা মহাসড়ক ছেড়ে চলে যান।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর এলাকায় এই অবরোধ করা হয়। এতে কিছু সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশ বুঝিয়ে বলার পর বেলা ১১টা ২০ মিনিটের দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান।

বিক্ষোভ মিছিলে দুই হাজারের মতো গার্মেন্ট শ্রমিক উপস্থিত ছিলেন। শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বাড়লেও সেই তুলনায় তাদের বেতন বাড়ছে না। জীবনযাত্রার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ায় তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এই আন্দোলনে দক্ষিণখানের ডেসলিং (ইপিলিয়ন গ্রুপ), ভার্সেটাইল, চৈতী গ্রুপ এবং অলিও অ্যাপারেলসসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা অংশ নেন। প্রথমে তারা দক্ষিণখানের চালাবন এলাকায় জড়ো হন এবং সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আজমপুর পয়েন্টে এসে সড়ক অবরোধ করেন।

মহাসড়ক অবরোধের বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম এশিয়া পোস্টকে বলেন, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিল। তবে অবরোধের অল্প সময়ের মধ্যেই আমরা তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি।

তিনি আরও জানান, মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে সড়ক ত্যাগ করেন।