৩০০ ফিটে হায়েস গাড়িসহ ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট সড়ক থেকে একটি হায়েস গাড়িসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শুক্কুর আলী (৫০) ও মো. আহাদ (২৪)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পূর্বাচল ২ নম্বর সেক্টরের একটি রিসোর্টে দুটি হায়েস গাড়িতে করে আসা ১৮ থেকে ২০ জনের একটি ডাকাত দল ডাকাতি সংঘটিত করে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে খিলক্ষেত থানার একটি দল ৩০০ ফিট সড়কের মস্তুল চেকপোস্টে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে রাত ৩টা ১০ মিনিটে ঢাকা অভিমুখী সড়ক থেকে একটি হায়েস গাড়িসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
পরে রূপগঞ্জ থানা পুলিশ খিলক্ষেত থানায় এসে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি ও উদ্ধার করা হায়েস গাড়িটি রূপগঞ্জে সংঘটিত ডাকাতির ঘটনায় ব্যবহৃত হয়েছে বলে শনাক্ত করে। এরপর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে আসামি ও উদ্ধার করা গাড়িটি রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এডিসি নিয়াজ মেহেদী জানান, তাদের নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় সংঘটিত ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ত হিসেবে শনাক্ত করা হলে আইনগত প্রক্রিয়া শেষে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
.png)

