শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ এলাকার আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে ফারাহ ফোরদৌস (৩২) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) ভবনের ১৪ তলার ওই ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফারাহ ফেরদৌস খুলনার ফুলতলা থানার পয়গ্রাম গ্রামের বাসিন্দা মো. আ. রশিদ ও ফেরদৌসি রশিদের কন্যা। তিনি ঢাকায় থেকে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা করছিলেন।
জানা গেছে, ২৩ জুনের পর থেকে ফারাহর সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। বারবার চেষ্টা করেও তার খোঁজ না পেয়ে শুক্রবার বিকেলে স্বজনরা ঢাকায় তার ভাড়া বাসায় আসেন। বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ঘরের ভেতরে ফারার মরদেহ পড়ে থাকতে দেখে তারা হতভম্ব হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে শাহবাগ থানায় খবর দেন।
খবর পেয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সুরতহাল প্রতিবেদন তৈরিসহ আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যা ৬টায় মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার তদন্তকারী কর্মকর্তা জানান, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ডা. ফারাহ ফেরদৌস ৩৯তম বিসিএসে সহকারী সার্জন হিসেবে যোগ দেন। পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জন বিভাগের রেসিডেন্ট হিসেবে প্রশিক্ষণ শুরু করেন। বর্তমানে তিনি ফেজ বি রেসিডেন্ট প্রশিক্ষণার্থী ছিলেন। এর আগে ২০১৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস পাস করেন।





