শান্তিবাগে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামি গ্রেপ্তার

রাজধানীর শান্তিবাগ এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহজাহানপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো— মামুন ওরফে বুলেট মামুন (৩৫), আঁখিশন ওরফে আঁখি ওরফে আকির হোসেন ওরফে মো. হাসান (৪২) এবং মো. হান্নান (২৬)।
শনিবার (১১ এপ্রিল) রাত ১০টার ডিএমপি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছ, নিহত সেকেন্দার একজন অটোরিকশাচালক ছিলেন। তার সঙ্গে গ্রেপ্তারকৃতদের পূর্ব বিরোধ ছিল। গত ৯ মার্চ রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে শান্তিবাগ এলাকার ১৭ নম্বর ভাঙারী গলি সংলগ্ন একটি ট্রেইলারিং দোকানের সামনে সেকেন্দারের ওপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় সেকেন্দারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ১০ এপ্রিল দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে বাসাবো মিঠাইগলি এলাকা থেকে আঁখিশন ও হান্নানকে গ্রেপ্তা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৮টা ৫ মিনিটে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকা থেকে মামুনকে গ্রেপ্তা হয়।
এ ছাড়া গ্রেপ্তারকৃতদের দেখানো মতে একই দিন দুপুর ১টা ৩৫ মিনিটে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি ছোরা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, মামুন ওরফে বুলেট মামুনের বিরুদ্ধে শাহজাহানপুর ও পল্টন থানায় পূর্বে ১৫টি মামলা রয়েছে। অন্যদিকে আঁখিশনের বিরুদ্ধেও দুটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।