বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে শীর্ষ দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ১৬তম।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৬টা থেকে ৭টার মধ্যে হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে। তালিকায় ১৬তম অবস্থানে থাকা ঢাকার স্কোর ৮৯।
হালনাগাদ তথ্য অনুযায়ী, ১৮১ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৭০ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। আর ১৬৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা।
তালিকার পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ (১৩৪), ইসরায়েলের তেল আবিব-ইয়াফো (১২৫), কেনিয়ার নাইরোবি (১১৮), ইসরায়েলের জেরুজালেম (১১৩), চীনের বেইজিং (১১০), সৌদি আরবের রিয়াদ (১০৭) ও কুয়েতের কুয়েত সিটি (১০৩)।
আইকিউএয়ারের একিউআই মান অনুযায়ী, ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। এ ধরনের দূষিত বাতাসে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
.png)






