মিরপুরের শাহ আলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে জানা গেছে যে মিরপুরের শাহ আলী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন মেহেদী হাসান। পরে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মেহেদী হাসান চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মোহাম্মদ আলমের ছেলে। তিনি পরিবারসহ রাজধানীর শাহ আলী এলাকায় বসবাস করতেন।



