মোবাইল নিয়ে পালাচ্ছিল ছিনতাইকারী, ধাওয়া দিয়ে ধরল পুলিশ

রাজধানীর পল্লবীতে চলন্ত মাইক্রোবাসে থাকা যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় মো. মানিক (২৯) নামে এক পেশাদার ছিনতাইকারীকে আটক করেছেন ট্রাফিক পুলিশ।
শুক্রবার (১৯ জুন) দুপুর আনুমানিক ১২টা ১৩ মিনিটে পল্লবী থানাধীন কালশী মোড়ে এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই সময় কালশী মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট এম এস মাহমুদ আলী। তিনি একটি মাইক্রোবাসের কাগজপত্র যাচাইয়ের জন্য গাড়িটি থামানোর সংকেত দেন। চালকের সঙ্গে কথা বলার একপর্যায়ে তিনি দেখেন, গাড়িতে থাকা এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এক ব্যক্তি।
বিষয়টি বুঝতে পেরে মাহমুদ আলী তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীর পিছু ধাওয়া করেন। কিছুক্ষণ ধাওয়া শেষে তিনি সাহসিকতার সঙ্গে মানিককে হাতেনাতে আটক করতে সক্ষম হন। তার কাছ থেকে মোবাইলটি অক্ষত অবস্থায় উদ্ধার করে ভুক্তভোগী যাত্রীর কাছে ফিরিয়ে দেওয়া হয়।
পুলিশ জানায়, আটক ছিনতাইকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
.png)

