৫০ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার সেই রেজাউল যুবলীগ নেতা

রাজধানীর গুলশান এলাকা থেকে ৫০ লাখ টাকার জাল নোটসহ যুবলীগ নেতা ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১২ এপ্রিল) বিকেলে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানা পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আবু হানিফ পালোয়ান (৫০), রেজাউল শেখ (৪০) ও আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪)। এরমধ্যে রেজাউল শেখ কালীগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য এবং নাগরী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বাগদী গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
রেজাউল গ্রেপ্তার হওয়ার পর তার টাকার উৎস নিয়ে স্থানীয়দের মাঝে তাকে নিয়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, রেজাউল শেখ জাল টাকার ব্যবসা করে তার নিজ এলাকা কালীগঞ্জের নাগরী বাজারে নাগরী নিউমার্কেট নামে ১০তলা একটি আলিশান মার্কেট করেছেন। জিএমপির প্রস্তাবিত পূবাইল থানার পাশে ৪ ইউনিটের একটি ৭তলা বাড়ি, একই থানার ৪০ নম্বর ওয়ার্ডের কুদাব বাগিচা এলাকায় ১০ কাঠার প্লটে বাড়ি, পূবাইল ছিকুলিয়া এলাকায় ১০ কোটি টাকা মূল্যের জমিসহ শতকোটি টাকার মালিক হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক নাগরী এলাকার স্থানীয়রা বলেন, রেজাউল আওয়ামী লীগ সরকারের এমপি মেহের আফরোজ চুমকির ঘনিষ্ঠজন হওয়ায় এলাকার কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস করতেন না। এখন রেজাউল জাল টাকাসহ গ্রেপ্তারের পর তাকে নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।