logo

নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর

নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী এলাকা থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরীকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শুক্রবার (৫ জুন) ভোরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত দুই জুন পল্লবী থানায় মো. হাসিবুর রহমান রনি তার মেয়ে মানহা হাসিব রাইসা (১৭) নিখোঁজ হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে উল্লেখ করা হয়, ১ জুন বিকেলে মানহা তার বান্ধবী দিপীকা (১৭) ও দিপীকার ছোট বোন দিয়াকে (১৩) সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

একই ঘটনায় দিপীকা ও দিয়ার পরিবারের পক্ষ থেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পৃথক দুটি নিখোঁজ জিডি করা হয়।

জিডির সূত্র ধরে পল্লবী থানা পুলিশের একটি দল অনুসন্ধান শুরু করে। পরে শুক্রবার ভোর ৩টা ৫ মিনিটে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকার একটি ভাড়া বাসা থেকে তিন কিশোরীকে উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আগারগাঁও তালতলা কলোনি সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী দিপীকা ও মানহার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এ বিষয়ে উভয় পরিবার অবগত থাকলেও তাদের যোগাযোগ ও দেখা-সাক্ষাতে আপত্তি জানাত।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, পূর্বপরিকল্পনা অনুযায়ী দিপীকা বাসা থেকে বের হয়ে তার ছোট বোনকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের একটি ভাড়া বাসায় ওঠে। পরে সেখানে মানহাও যোগ দেয়। তিনজনই ওই বাসায় অবস্থান করছিল।

উদ্ধারের পর তিন কিশোরীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।