যাত্রাবাড়ীতে বাসার ভেতর বৃদ্ধাকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার ও টাকা লুট

রাজধানীর যাত্রাবাড়ীতে শাহিদা বেগম (৬৮) নামে এক বৃদ্ধাকে ঘরের ভেতর গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ সময় বাসা থেকে বিপুল স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে যাত্রাবাড়ীর দনিয়ার রসুলপুর এলাকার একটি ভবনের সাততলা থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রোববার (১২ জুলাই) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত শাহিদা বেগম কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার শীদলাই গ্রামের মৃত শফিকুল ইসলাম সরকারের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শাহিদা বেগমের ছেলে বিল্লাল হোসেন একজন মালয়েশিয়া প্রবাসী। শাহিদা বেগম বাসায় তার পুত্রবধূ শারমিন আক্তারের সঙ্গে থাকতেন। পেশায় ডেন্টাল ক্লিনিক কর্মী শারমিন শনিবার রাতে কর্মস্থল থেকে ফিরে ঘরের জিনিসপত্র এলোমেলো দেখতে পান। পরে ভেতরে গিয়ে শাশুড়িকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে থাকতে দেখে তিনি পুলিশে খবর দেন।
পরিবারের সদস্যরা জানান, বাসা থেকে ওই বৃদ্ধার গলার চেইন, কানের দুল এবং নগদ ৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ঘটনার বিস্তারিত জানিয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, নিহতের গলার বাম পাশে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসায় ঢুকে লুটপাটের চেষ্টা করার সময় বৃদ্ধা তা দেখে ফেলেন বা বাধা দেন। এর জেরেই তাকে নির্মমভাবে খুন করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।
এদিকে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, নৃশংস এই হত্যাকাণ্ডের পেছনে কে বা কারা জড়িত, তা শনাক্ত করতে সার্বিক তদন্ত চলছে। সিআইডির ফরেনসিক টিম ইতোমধ্যেই ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের কাজ অব্যাহত রয়েছে।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





