logo

শ্রমিক হোস্টেলের টয়লেটে গলাকাটা মরদেহ উদ্ধার

শ্রমিক হোস্টেলের টয়লেটে গলাকাটা মরদেহ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচর থানার লেকপাড় এলাকার মেটাডোর কোম্পানির শ্রমিক হোস্টেলের টয়লেট থেকে মো. ইয়াকুব আলী (২৫) নামের এক শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

ইয়াকুবকে হাসপাতালে নিয়ে আসা মেটাডোর কোম্পানির সহকারী ব্যবস্থাপক বজলুর রহমান জানান, রাতে খবর পেয়ে তারা শ্রমিক হোস্টেলের টয়লেট থেকে ইয়াকুবকে গলাকাটা অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে আমরা কিছুই জানি না।’

নিহত ইয়াকুব আলী মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।