কদমতলীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩

রাজধানীর কদমতলীর রায়েরবাগে বাসের ধাক্কায় অটোরিকশাচালক মাসুম মিয়া (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে রায়েরবাগ ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১০টার দিকে অটোরিকশাচালক মাসুম মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আহতরা হলেন বশির আহমেদ (৩৩), মোহাম্মদ রুবেল (৩১) ও মো. আলামিন (৩০)। তারা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান অটোরিকশাচালক মাসুম মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


