মধ্যরাতে মিরপুরে পার্কিং করা বাসে আগুন

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পাশের একটি বাস দ্রুত সরিয়ে নেওয়ার জন্য আগুন থেকে রক্ষা পায়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে তিন থেকে চারজনের একটি দল এসে বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চিড়িয়াখানা সিটি পরিবহনের কয়েকটি বাস রাস্তার পাশে সারিবদ্ধভাবে পার্কিং করে রাখা ছিল। হঠাৎ বাসের পিছনের দিকে আগুন জ্বলে উঠলে খাবার হোটেলের লোকজন চিৎকার করে ওঠে। এ সময় আশপাশে থাকা বাসের হেলপার ও ড্রাইভার দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে পানির জন্য ছোটাছুটি করে। কয়েকটি বাসের চালক তাদের বাস অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়।
ঘটনা সম্পর্কে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের রাশেদ বিন খালেদ জানান, রাত ২টা ১৯ মিনিটের দিকে খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু তার আগেই স্থানীয়ভাবে আগুনটি দিয়ে ফেলা হয়। আমরা জানতে পেরেছি চিড়িয়াখানা সিটি পরিবহন নামে একটি বাসে আগুনের ঘটনা ছিল।
তিনি বলেন, বাসটিতে আগুন লাগার পর মুহূর্তেই তা ভয়াবহ রূপ নেয়। বাসের জানালা ও ভেতরের অংশ থেকে দাউ দাউ করে আগুনের শিখা বের হতে থাকে। সেই সঙ্গে চারপাশ ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
শাহ আলী থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) মো. রিপন জানান, রাত আনুমানিক ২টার দিকে চিড়িয়াখানার পাশে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে আমাদের পুলিশের একাধিক টিম উপস্থিত রয়েছেন।