মোবাইল ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারীকে ধরল ট্রাফিক পুলিশ

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় এক নারী যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় আরমান হোসাইন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে মিরপুর বিভাগের পল্লবী ট্রাফিক পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ নম্বরের শাহ আলী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পল্লবী জোনের পুলিশ সার্জেন্ট মো. তুহিনুর রহমান তুহিন। এ সময় এক নারীর চিৎকার শুনে তিনি দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। দেখেন, এক ব্যক্তি নারী যাত্রীর ব্যাগ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করছে।
তুহিন তৎক্ষণাৎ ছিনতাইকারীকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ছিনতাইকারী তার হাতে থাকা মোবাইল ফোনটি একটি চলন্ত বাসের নিচে ছুড়ে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে। তুহিন ধাওয়া অব্যাহত রেখে শেষ পর্যন্ত আরমান হোসাইনকে আটক করেন।
এদিকে বাসের নিচ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পুলিশ আরও জানায়, আটক আরমান হোসাইনকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
